হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২০, ২০২৬

১১ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু: হত্যা মামলায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমসঢাকা, ২০ জুন ২০২৬

IMG_7228

ধানমন্ডিতে ১১ তলা ভবন থেকে পড়ে ৯ বছর বয়সী গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রিক্তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হলে তদন্তে নেমে এই পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত রিক্তার বাড়ি সুনামগঞ্জের সাল্লা উপজেলায়। পরিবারের আর্থিক সংকটের কারণে দালালের মাধ্যমে তাকে ঢাকায় গৃহকর্মীর কাজের জন্য পাঠানো হয়েছিল। পরিবারের দাবি, মাসিক ৪ হাজার টাকা বেতনে কাজ করলেও তাকে ঢাকায় আনার সময় ১০ হাজার টাকার চুক্তি হয়েছিল।

রিক্তার মা জানান, মৃত্যুর আগের দিন মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। সে সময় বাড়িতে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করে শিশুটি। মেয়ের কণ্ঠে আতঙ্কের ছাপ ছিল বলেও দাবি করেন তিনি।

পরিবারের অভিযোগ, রিক্তার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মৃত্যুর পর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন স্বজনরা। এসব বিষয়কে কেন্দ্র করে তারা ঘটনাটিকে দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও শিশু অধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয় বছরের রিক্তার মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার এখন বিচার প্রত্যাশা করছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।