হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা বহাল, পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ এড়ানোর পরামর্শ

By আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল টাইমস

IMG_8898

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটির জন্য বিদ্যমান ভ্রমণ সতর্কতা বহাল রেখেছে কানাডা। দেশটির সর্বশেষ হালনাগাদ নির্দেশনায় বাংলাদেশ সফরের ক্ষেত্রে নাগরিকদের ‘উচ্চমাত্রার সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য আরও কঠোর সতর্কতা জারি করে সেখানে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হালনাগাদ তথ্যে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হঠাৎ বিক্ষোভ, সংঘর্ষ কিংবা জনঅস্থিরতা দেখা দিতে পারে। এসব পরিস্থিতির প্রভাবে কোনো কোনো এলাকায় যান চলাচল ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া কিংবা সহিংস ঘটনার আশঙ্কাও রয়েছে।

এ কারণে বাংলাদেশে অবস্থানরত কিংবা সফরে আসা কানাডীয় নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ, রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে অটোয়া। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে আরও কঠোর সতর্কতা

তবে বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে কানাডা সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে।

ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার এই সতর্কতা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি নির্দিষ্ট কিছু অঞ্চলের নিরাপত্তা ঝুঁকিকেও আলাদাভাবে বিবেচনায় নেওয়ার বিষয়টি তুলে ধরেছে।

বাংলাদেশকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফায় ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা।

সর্বশেষ হালনাগাদের মাধ্যমে আগের সতর্কতাই বহাল রাখা হয়েছে। কানাডার নাগরিকদের উদ্দেশে দেওয়া এই নির্দেশনা মূলত সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছে।