হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৫, ২০২৬

শিক্ষার্থী আন্দোলনে ছেলের অংশগ্রহণের জেরে বিএনপি নেতা বহিষ্কার, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

By বেঙ্গল টাইমস ডেস্ক, বগুড়া | ১৫ জুলাই ২০২৬

IMG_8203

চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ছেলের অংশগ্রহণকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপির সদস্য ও বগুড়া শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে তিনি দাবি করেছেন, কোনো কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে।

মঙ্গলবার রাতে বগুড়া মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।দলীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তিনি।

দুপুরে আন্দোলনকারীরা শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ তা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সিফাত হোসেনের সঙ্গে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে জেলা বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আশ্বাসের পর আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় ফারুক হোসেন বলেন, তাকে আগে কোনো শোকজ নোটিশ দেওয়া হয়নি। তার ভাষ্য, তার ১৮ বছর বয়সী ছেলে ছাত্রশিবিরের সমর্থক এবং শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, বিএনপির অনেক নেতার পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তাই তার ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ফারুক হোসেনের অভিযোগ, আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ায় পরিকল্পিতভাবে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বহিষ্কারের কারণ সম্পর্কে জানতে চাইলে বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

মহানগর বিএনপির দফতর সম্পাদক আশিক আশরাফও জানান, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডবহির্ভূত কার্যকলাপের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির অন্তত তিনজন নেতা দাবি করেছেন, আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ফারুক হোসেনের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দলের অভ্যন্তরে বিরোধ ছিল।

তাদের মতে, ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।