হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৩, ২০২৬

রাজধানীর সাত গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

By নিজস্ব প্রতিবেদক, ঢাকা২৩ জুন ২০২৬ | ২:৩১ পিএম

IMG_7342

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সাতটি স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবির ওই বার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর এবং মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসব এলাকায় জনসাধারণের চলাচল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণে বিশেষ নজর রাখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলায়ও পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্ভাব্য যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, আজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ একাধিক জেলায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে। এই কার্যক্রম ৩০ জুন পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে সেনাবাহিনীকে সহায়তাকারী ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান অগ্রাধিকার।