হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৭, ২০২৬

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামানজার, ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন

By বিনোদন প্রতিবেদক, বেঙ্গল টাইমস:

ada3b850-ff59-435a-a8eb-7499656f4d13

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন সামানজার সাঈদ। রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ আন্তর্জাতিক আসরে অংশ নিতে তিনি শনিবার (৮ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন।

দেশ ছাড়ার আগে রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন সামানজার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করা সামানজার জানান, কৌতূহল থেকেই তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রসঙ্গে সামানজার সাঈদ বেঙ্গল টাইমসকে বলেন, “আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশকে উপস্থাপন করা।

এতদিনের প্রস্তুতি, শেখা দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।”তিনি আরও জানান, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা এবং আন্তর্জাতিক উপস্থাপনা বিষয়ে ধারাবাহিক গ্রুমিং সেশনে অংশ নেওয়ায় তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়েছে।

ছোটবেলা থেকেই নাচ, গান ও খেলাধুলার প্রতি আগ্রহী সামানজার টানা চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্যচর্চা করেছেন। পড়াশোনার ব্যস্ততায় কিছুদিন বিরতি থাকলেও বর্তমানে আবার সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগ দিচ্ছেন।

ভবিষ্যতে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয়েও কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য, গত ১১ জুলাই জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জেতেন সামানজার সাঈদ।

তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ বিজয়ী আকলিমা আতিকা কনিকা। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে স্বাগতা সাহা ও লাবিবা মনজুর।আগামী রোববার হ্যানয়ে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর আনুষ্ঠানিক কার্যক্রম। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন সামানজার।