হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৮, ২০২৬

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য

By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস, মুন্সীগঞ্জ | ২৩ জুন ২০২৬

IMG_7595

বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমিকে সবুজায়নের আওতায় আনতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পাঁচ বছরে রেলওয়ের মালিকানাধীন জমিতে মোট ২৪ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলপথ মন্ত্রণালয়।

মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় নির্মিত ধলেশ্বরী রেলসেতুর আশপাশে রেলওয়ের অব্যবহৃত জমিকে পরিবেশবান্ধবভাবে কাজে লাগাতে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রেলপথের পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলা যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, তেমনি অব্যবহৃত সরকারি জমিরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।

প্রাথমিক পর্যায়ে সিরাজদিখানের চর গলগলিয়া মৌজায় ১০০টি ফলজ, ১০০টি বনজ এবং ৫০টি ঔষধি গাছসহ মোট ২৫০টি চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে ওই এলাকার প্রায় ১৮ দশমিক ৭০ একর রেলওয়ের মালিকানাধীন জমিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের অব্যবহৃত জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। আগামী পাঁচ বছরে মোট ২৪ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে চলতি বছরই ১ লাখ ৬০ হাজার চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বাংলাদেশ রেলওয়ে তাদের নিজস্ব সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।