হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২৯, ২০২৬

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি মহিলা পরিষদের

By স্টাফ রিপোর্টার | বেঙ্গল টাইমস 

4c73904c-394f-4377-9862-18f43a84e4df

ঢাকা: সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনে নারীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্দিষ্ট ক্ষেত্রে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু সরকারের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগসংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে প্রশাসনে নারী কর্মকর্তার সংখ্যা কমে যাওয়ার চিত্র উঠে এসেছে।

এটি শুধু নিয়োগের সংখ্যা হ্রাসের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ এবং সমঅধিকার প্রতিষ্ঠার জন্য একটি বড় চ্যালেঞ্জ। মহিলা পরিষদের মতে, বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় নারীরা এখনও প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে পুরুষদের সমান সুযোগ-সুবিধা পান না।

উচ্চশিক্ষায় বৈষম্য, পারিবারিক দায়িত্বের অসম বণ্টন, সামাজিক প্রতিবন্ধকতা এবং নিরাপত্তাজনিত নানা কারণে নারীরা পিছিয়ে থাকেন। এ কারণে সমতা নিশ্চিত করতে বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন।

সংগঠনটি আরও উল্লেখ করে, জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও/CEDAW)-এও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য ‘ইতিবাচক বৈষম্য’ (Positive Discrimination) বা বিশেষ সহায়ক ব্যবস্থার স্বীকৃতি রয়েছে।

বিবৃতিতে বলা হয়, নারীদের জন্য সংরক্ষিত কোটা কোনো বিশেষ সুবিধা নয়; বরং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয় নীতিগত ব্যবস্থা।

সরকারি চাকরি এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সমান ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত কোটাসহ প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।