‘বাংলাদেশ বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে’: দিল্লির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয়
By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশ বর্তমানে একটি “ব্যর্থ রাষ্ট্রে” পরিণত হয়েছে।
তিনি বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। বুধবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ কয়েকটি বিদেশি সংস্থা বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে।
তিনি দাবি করেন, ভারতের পূর্ব সীমান্তে “আরেকটি পাকিস্তান” তৈরি হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে, যা ভারতসহ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন দণ্ডপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে।
তার অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে কর্মসূচি পালন করছে এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে তিনি যাদের উল্লেখ করেন, তাদেরও প্রকাশ্য জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
মানবাধিকার ও বিচারব্যবস্থা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়। তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় এবং পরবর্তী বিএনপি সরকারের অনুমোদিত দায়মুক্তি আইন নিয়ে সমালোচনা করেন।
তার অভিযোগ, গণঅভ্যুত্থানে নিহতদের ঘটনায় বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
এছাড়া তিনি দাবি করেন, বহু আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিককে বেআইনিভাবে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনার যথাযথ বিচার হচ্ছে না।সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।