রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা, ২১ জুন ২০২৬
২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সতর্ক অবস্থানের মধ্যেই রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
মিছিল থেকে দলটির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও এর
অঙ্গ-সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী আকস্মিকভাবে ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি মূল সড়কের দিকে এগোনোর চেষ্টা করলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে ১০ জনকে ঘটনাস্থল থেকেই আটক করেন।
ডিএমপির বক্তব্য:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাদের বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকেম সামনে রেখে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর থেকে দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল, ব্যানার প্রদর্শন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
শনিবার (২০ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না, বরং এটি একটি ‘মাফিয়া দল’ এবং এর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।
সম্ভাব্য সংঘাত ও নাশকতামূলক পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, তল্লাশি চৌকি স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।