অভিযোগের প্রমাণ চেয়ে এমপি বীথিকাকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ
By বিশেষ প্রতিনিধি, বেঙ্গল টাইমস | ঢাকা:
নিজের বিরুদ্ধে আনা ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ উল্লেখ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সদস্যপদ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছেন—এমন অভিযোগ প্রকাশ্যে করেছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
তবে আসিফ মাহমুদের দাবি, অভিযোগটি সম্পূর্ণ অসত্য এবং এর পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য বা প্রমাণ নেই।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, অভিযোগ প্রকাশের পর একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের সপক্ষে প্রমাণ চাওয়া হলেও তিনি কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি।
বরং পরবর্তী সময়ে যোগাযোগও বন্ধ করে দেন বলে দাবি করেন আসিফ মাহমুদ।
তাঁর ভাষ্য, ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বিতর্কিত করতেই পরিকল্পিতভাবে এই অভিযোগ প্রচার করা হয়েছে। পাঠানো আইনি নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।তবে এ বিষয়ে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।