আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন
By স্টাফ রিপোর্টার, বেঙ্গল টাইমস, ঢাকা, ২২ জুন ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা মহানগরীসহ চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জরুরি নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষার স্বার্থে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়। রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক এবং কৌশলগত স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।