হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২, ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘আমার সঙ্গে যুক্ত অন্তত ২৫ জনকে হেনস্থা করছে পুলিশ’

By বেঙ্গল টাইমস ডেস্ক, কলকাতা | ২ জুলাই ২০২৬

IMG_7749

ভারতের পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবারের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গত দুই সপ্তাহে তাঁর সঙ্গে বা তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত অন্তত ২৫ জনকে অযথা পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদের নামে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মৌলিক আইনি প্রক্রিয়া লঙ্ঘন করছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর সহযোগীদের যথাযথ নোটিশ ছাড়াই বিভিন্ন সময় তলব করা হচ্ছে। এমনকি কয়েকজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তৃণমূল কংগ্রেসের এই নেতা আরও দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে।

অভিষেকের ভাষ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ২৫ জন ব্যক্তি এ ধরনের হয়রানির শিকার হয়েছেন, যারা কোনো না কোনোভাবে তাঁর ব্যক্তিগত বা সাংসদ কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত।

একই পোস্টে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন। তবে রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেও তিনি মাথা নত করবেন না বলে মন্তব্য করেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের বিষয়ে রাজ্য পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।