বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১০
By বিশেষ প্রতিনিধি, বেঙ্গল টাইমস | বগুড়া:
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষের ওপর উঠে গেলে ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া–নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দ্রুতগতির বাসটি সড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষের ওপর উঠে পড়ে এবং পরে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক নিহত হন।খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়।
গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বেঙ্গল টাইমসকে জানান, নিহত ও আহতরা সবাই কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও স্থানীয় বাসিন্দা। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।