হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২০, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত হাজারের বেশি

By স্বাস্থ্য প্রতিবেদক, ঢাকা (বেঙ্গল টাইমস):

f34383fc-92ee-4ad5-b576-a7b3214f3f96

দেশে হামের প্রাদুর্ভাব যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭২ শিশুর শরীরে হামের লক্ষণ ও উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫ জনে। এর মধ্যে সরাসরি হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের, আর বিভিন্ন ধরনের হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৬৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের মতো উপসর্গ দেখা দেওয়ায় আরও ১ হাজার ৪ জন চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে গত পাঁচ মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫ শিশু। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৮ হাজার ১৪৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত শিশুদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ২৬ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ শিশু।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মধ্যে জ্বর, শরীরে র‍্যাশসহ হামের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে।