হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ২৪, ২০২৬

যুবলীগের ঝটিকা মিছিল: ময়মনসিংহে একসঙ্গে ২৭ পুলিশ সদস্য বদলি

By বেঙ্গল টাইমস প্রতিবেদক

IMG_9229

ময়মনসিংহ নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পুলিশের ১ নম্বর ফাঁড়ির ইনচার্জসহ ২৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পৃথক অফিস আদেশের মাধ্যমে জনস্বার্থে তাদের জেলার বিভিন্ন থানায় পদায়নের নির্দেশ দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বদলি হওয়া সদস্যদের জায়গায় শিগগিরই নতুন পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হবে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলির তালিকায় রয়েছেন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবল। অর্থাৎ, ফাঁড়িটিতে দায়িত্ব পালনরত পুরো টিমেরই সদস্য পরিবর্তন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি মিছিল বের করেন।

এলাকাটি ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন। মিছিলের সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ফাঁড়ির দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে ওই মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত

চার দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক এবং তানভীর ওরফে লিমনসহ কয়েকজন রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্টের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশের এসআই মাজহার বাদী হয়ে মামলাটি করেন। এতে ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, মামলায় গ্রেপ্তার ২০ জনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একসঙ্গে ২৭ সদস্য বদলির ঘটনায় ময়মনসিংহ নগরীতে দায়িত্ব পালনে জবাবদিহিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি সামনে এসেছে।