গ্যাস সংকট ও ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদে চুলা-পাতিল নিয়ে পল্টনে ১১ দলের অবস্থান কর্মসূচি
By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস
ঢাকা: রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বা কথিত ‘ভূতুড়ে বিল’, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর পল্টনের জিরো পয়েন্টে ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি পালন করেছে ১১-দলীয় জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
অনেক নারী কর্মী প্রতীকী প্রতিবাদ হিসেবে খালি রান্নার পাতিল ও গ্যাসের চুলা হাতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে পল্টন ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসনে ১১-দলীয় জোটের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—গত তিন মাসে আদায় করা কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ, প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ মিটারের অযৌক্তিক মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ প্রত্যাহার, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ রাখা এবং একটি দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন।
এছাড়া মহেশখালী এলএনজি টার্মিনালের কার্যক্রম ও এর কার্যকারিতা তদন্ত, গ্যাসের সিস্টেম লস ও অবৈধ সংযোগ বন্ধ, স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু এবং শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা।