হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published সেপ্টেম্বর ৪, ২০২৬

ক্রোয়েশিয়ায় ঢোকার পথে বাংলাদেশিসহ ১০০ অভিবাসন প্রত্যাশী আটক।

By বেঙ্গল টাইমস  | ৪ সেপ্টেম্বর ২০২৬

IMG_9534

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অভিযানে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশের নাগরিক এবং ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।

এরপর একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের আরও ৩৩ নাগরিককে আটক করা হয়। তাদের ক্রোয়েশিয়ার সীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বসনিয়ার সীমান্ত পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সাভা নদী পেরিয়ে ক্রোয়েশিয়ায় প্রবেশের পরিকল্পনা করেছিলেন।

নদী পারাপারের কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা দুটি নৌকাও অভিযানের সময় জব্দ করা হয়েছে।অভিযানে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

তাদের ভূমিকা এবং আটক অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বলকান অঞ্চলের এই রুটটি দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহৃত অন্যতম পথ হিসেবে পরিচিত।

বসনিয়া হয়ে ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের আটকের ঘটনাও নিয়মিত ঘটছে।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে এই রুটে ৪ হাজার ৯০০-এর বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে।সাম্প্রতিক সময়ে ইউরোপে যাওয়ার আশায় বাংলাদেশসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের ঝুঁকিপূর্ণ স্থল ও নৌপথ ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনেক অভিবাসনপ্রত্যাশী বিপজ্জনক পথে যাত্রা করছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।